
রাজধানীর কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, আটক ২

রাজধানীর পুরান ঢাকায় কবি নজরুল সরকারি কলেজের মূল ফটকের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কলেজের এক শিক্ষার্থী ও এক কর্মচারী আহত হয়েছেন। এ ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী সন্দেহে দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
বিস্ফোরণে আহতরা হলেন কবি নজরুল সরকারি কলেজের ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিমন আলী এবং কলেজের মালি জাহাঙ্গীর।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের নেতৃত্বে একটি মিছিল বের হওয়ার কথা ছিল। এ কারণে পুলিশ ও র্যাবের বিশেষ বাহিনীর সদস্যরা সড়ক ফাঁকা রাখার কথা জানান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে মিছিলটি অতিক্রম করার কয়েক মিনিট পর কবি নজরুল সরকারি কলেজের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় তারা সেখানে উপস্থিত ছিলেন। তাদের ভাষ্য, বাহাদুর শাহ পার্কের সামনে পুলিশ অবস্থান করছিল। ককটেলটি ওই দিক থেকে ছোড়া হয়ে থাকতে পারে, আবার কলেজের ছাদ থেকেও পড়ে থাকতে পারে। বিস্ফোরণের সময় তারা প্রথমে কিছু বুঝে উঠতে পারেননি।
কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নোমান বলেন, বিস্ফোরণের সময় তিনি বন্ধুদের সঙ্গে কাছেই কথা বলছিলেন। তখন কলেজের কর্মচারী সুজন মামা এবং ভেতর থেকে আরও একজন এসে মূল ফটকের সামনে দাঁড়ান। ঠিক সেই সময় একটি ককটেল বিস্ফোরিত হয়। প্রথমে তারা ভেবেছিলেন, কোনো গাড়ির চাকা ফেটে গেছে।
তিনি আরও বলেন, দ্বিতীয় ককটেলটি বিস্ফোরণের পর তারা বিষয়টি বুঝতে পারেন। পরে জানতে পারেন, কলেজের একজন শিক্ষার্থী ও একজন কর্মচারী আহত হয়েছেন।
ঘটনার বিষয়ে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, তারা এখনো ঘটনার বিস্তারিত জানতে পারেননি। বিভিন্নভাবে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
