
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) আগুনের ঘটনায় পদদলিত হয়ে ছয় জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে হাসপাতালের নতুন ভবনের আট তলায় আগুনের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হাজেরা বেগম (৫০), শাহজাহান (৪০), রমজান (৩৮), জাহানারা (৫০), কুলসুমা (৩৫)। অজ্ঞাত এক শিশু নিহত হয়েছে। তার পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।

জানা যায়, আগুন লাগার ঘটনায় রোগী ও রোগীর স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় দ্রুত হাসপাতালের সিঁড়ি দিয়ে নামতে গিয়ে একজন অজ্ঞাত শিশুসহ মোট ছয়জন পদদলিত হয়ে মারা যায়।
হাসপাতালের নতুন ভবনের আট তলায় আগুনের খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের পাঁচটি স্টেশনের ১০টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আসার পর অতিরিক্ত ইউনিটগুলো সরিয়ে নেওয়া হলেও চারটি ইউনিট ঘটনাস্থলে রাখা হয়।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বলেন, হাসপাতালের নতুন আটতলা ভবনের লিফটের কন্ট্রোল রুমে থাকা কন্ট্রোলার মেশিনের সঙ্গে যুক্ত বোর্ডে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অতিরিক্ত উত্তাপের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আগুনের প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। কন্ট্রোল রুমে আগুন লাগার কারণে ভবনের বিভিন্ন তলায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। আগুনের পরিমাণ বড় না হলেও ধোঁয়ার কারণে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান জানান, প্রাথমিকভাবে হাসপাতালের লিফটের মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং তার পাশাপাশি হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রমও এখন সচল আছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত কমিটি গঠন করা হবে বলে তিনি জানান।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
