
টানা দুই দফা বৃদ্ধির পর কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩ হাজার ২৬৬ টাকা

টানা দুই দফা দাম বৃদ্ধির পর দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা (ভ্যাটসহ)।
সোমবার (৬ জুলাই) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন মূল্য তালিকা সোমবার দুপুর ১২টা ১৫ মিনিট থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ মূল্য কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি পৃথকভাবে নির্ধারিত হবে। এছাড়া স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
এর আগে গত ৩ জুলাই স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। সে সময় প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বৃদ্ধি করে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।
এ নিয়ে চলতি বছরে দেশের বাজারে স্বর্ণের দাম ৮৭ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৩ বার দাম বাড়ানো হয়েছে, ৪৩ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।
অন্যদিকে, স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৮৯৯ টাকায়। ২১ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
